ইবাদতের উর্বর মৌসুম
ইলিয়াস মশহুদ
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আরবি বর্ষপঞ্জিকার দশম মাস শাওয়াল। রহমত, বরকত ও মাগফিরাতের মাসের পর আসে শাওয়াল। এটি হজের তিন মাস তথা শাওয়াল, জিলকদ ও জিলহজের মধ্যে প্রথম মাস। এ মাসের প্রথম দিন ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা রাখার পর মুসলমানগণ মহা-আনন্দে ঈদগাহে মিলিত হন। তারপর ঈদুল ফিতর উপলক্ষে শরিয়ত কর্তৃক নির্ধারিত সামর্থ্যবান মুসলমানদের ওপর সদাকাতুল ফিতর আদায় করা আবশ্যক। অর্থাৎ এ মাসের সঙ্গে হজ, ঈদ, রোজা, সদকা ও জাকাতের সম্পর্ক। তাই এ মাস আমল ও ইবাদতের জন্য অত্যন্ত উর্বর ও উপযোগী।
শাওয়ালের অর্থ ও তাৎপর্য : শাওয়াল শব্দটি আরবি। এর অর্থ উঁচু করা, উন্নত করা, গৌরব করা, বিজয়ী হওয়া, প্রার্থনায় হাত তোলা, ফুরফুরে ভাব ইত্যাদি। এসব অর্থের প্রতিটির সঙ্গে শাওয়ালের সুগভীর সম্পর্ক রয়েছে। এ মাসে আমল করলে উন্নতি লাভ হয়, পূর্ণতা আসে, নেকির পাল্লা ভারী হয়, গৌরব অর্জন হয়, সাফল্য আসে, ফলপ্রার্থী আল্লাহর কাছে হাত সম্প্রসারিত করে প্রার্থনা করে, পুরো মাস রোজা রাখার পর আরও কয়েকটি রোজা রাখে, প্রাপ্তির আনন্দে বিভোর হয়, নফল রোজার প্রতি মনোনিবেশ করে, আত্মনিয়ন্ত্রণের শক্তি অর্জন করে, পরিপক্বতা ও স্থিতি লাভ করে। এ সবই হলো শাওয়াল মাসের নামের যথার্থতা।
শাওয়াল মাসে বিয়েশাদি : আয়েশা (রা.) সূত্রে বর্ণিত; শাওয়াল মাসে বিয়েশাদি সুন্নত, যেরূপ শুক্রবারে, জামে মসজিদে ও বড় মজলিসে আকদ অনুষ্ঠিত হওয়া সুন্নত। কারণ, উম্মুল মোমিনিন আয়েশা (রা.)-এর বিয়েও শাওয়াল মাসের শুক্রবারে মসজিদে নববিতেই হয়েছিল। (মুসলিম : ৩৩৫২)। এছাড়া উম্মে সালামা (রা.) ও সাওদা বিনতে যামআ (রা.)-কেও শাওয়াল মাসে বিয়ে করেছিলেন। (মুসলিম : ১৪২৩)। অতএব, শুভ কাজের সূচনার জন্য এ মাস খুবই উপযোগী। শাওয়াল মাসে ও জুমার দিনে মসজিদে বিয়ে সম্পাদন করা সুন্নত। উল্লেখ্য, সব মাসের যে কোনো দিন বিয়ে করা জায়েজ আছে। (মুসলিম : ১৪২৩, সুনানে বাইহাকি : ১৪৬৯৯)।
শাওয়ালের ছয় রোজা : এ মাসে ছয়টি নফল রোজা রাখা সুন্নত। হাদিসে শাওয়াল মাসের ছয় রোজার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। আবু আইয়ুব আনসারি (রা.) সূত্রে বর্ণিত; রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখল, এরপর শাওয়ালে আরও ছয়টি রোজা রাখল, তার এই ছয় রোজা পুরো বছর রোজা রাখার সমান হলো।’ (মুসলিম : ১১৬৪)। সাওবান (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি ঈদুল ফিতরের পর ছয়টি রোজা রাখবে, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে।’ (সুনানে ইবনে মাজাহ : ১৭১৫)। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) সূত্রে বর্ণিত; রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি রমজানে রোজা রাখল, এরপর শাওয়ালে ছয়টি রোজা রাখল, সে গোনাহ থেকে এমনভাবে পবিত্র হবে, যেন সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে।’ (মুজামুল আওসাত : ৪৯৭৯)।
