মুন্সীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ

১৪ ককটেল উদ্ধার

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে এবং ওই গ্রাম থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করে। গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হোগলাকান্দির গ্রামের গাজী গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ব্যাপক দুই পক্ষই ককটেল বিস্ফোরণ ঘটায়, এতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেন, মহিউদ্দিন মোল্লা (৩৫), সাকিব মোল্লা (৩০) ও আকাশ মোল্লা (২৫)। এ ছাড়া, আহত হয়েছেন সাব্বির মোল্লা (২২) নামে আরও একজন। আহতদের দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক বলেন, তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। একজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, গোলাগোলির খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযান চালালে বিবাদমান গোষ্ঠিগুলো গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এখনো অভিযান চলছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।