১৬৬ উপজেলায় নতুন ইউএনও
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে বড় রদবদল আনল সরকার। গতকাল বুধবার প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিভাগের ২৯ উপজেলায়, বরিশাল বিভাগের ২১ উপজেলায়, চট্টগ্রাম বিভাগের ২৯ উপজেলায়, খুলনা বিভাগের ২১ উপজেলায়, রংপুর বিভাগের ২৪ উপজেলায়, রাজশাহী বিভাগের ১৩ উপজেলায়, সিলেট বিভাগের ১৪ উপজেলায় এবং ময়মনসিংহ বিভাগের ১৫ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।
