আনসার-ভিডিপির শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে গত ২৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে শত শত পরিবার ঘরবাড়ি ও সব সম্পদ হারিয়ে চরম মানবিক সংকটে পড়ে। পরিস্থিতির অবনতি ও শীতের তীব্রতা একসঙ্গে বাড়ায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। এই জরুরি বাস্তবতা বিবেচনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দ্রুত সহায়তায় এগিয়ে আসে এবং গত ২৯ নভেম্বর ক্ষতিগ্রস্তদের মধ্যে ৫০০ কম্বল বিতরণ করে। শীতার্ত মানুষের কাছে তাৎক্ষণিক উষ্ণতা পৌঁছে দেওয়ার মাধ্যমে এ উদ্যোগ এরইমধ্যে মানবিক ত্রাণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। আনসার-ভিডিপির উপ-মহাপরিচালক (অপারেশন্স) সাইফুল্লাহ রাসেল গুলশান টিএন্ডটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে কম্বল তুলে দেন। তিনি বলেন ‘শীতের তীব্রতা ও অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই আজকের এই কম্বল বিতরণ কর্মসূচি। আমরা বিশ্বাস করি, এমন মানবিক উদ্যোগ সমাজে সহযোগিতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।’
