শহিদের আত্মত্যাগে গণতন্ত্রের বিজয় হয়েছে
বললেন সালাহউদ্দিন আহমদ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার অফিস ও পেকুয়া প্রতিনিধি
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, শহিদের আত্মত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক শক্তিশালী নির্বাচন হবে। দীর্ঘ ১৬/১৭ বছর গণতান্ত্রিক আন্দোলন, এই ভোটাধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদ আওয়ামী গোষ্ঠী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজ সকাল মগনামা পথসভায় এই কথা বলেন সালাহ উদ্দিন আহমদ। তিনি কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনে দলীয় প্রার্থী। নিজ সংসদীয় এলাকায় পাঁচ দিনের সফরে আসেন।
সফরে তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় মগনামার মৌলভী জাফর আহমদ হুজরের কবর জিয়ারতের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। তাঁর গণ সংযোগে মানুষের ঢল নামে। বিভিন্ন ষ্টেশনে ও রাস্তায় পাশে দাঁড়িয়ে নারী ও পুরুষ তাঁকে স্বাগত জানায়। মগনামা ফুল তলায় সংযোগের সময় বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে ২০২৩ সালে ৩১ দফা সংস্কার কর্মসূচি প্রদান করেছিলাম। আমাদের সকল সংস্কারের মুল উদ্দেশ্য, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, সমৃদ্ধি এদেশের সকল মানুষের যেন গণতান্ত্রিক সকল অধিকার সংরক্ষিত হয় সেটি হচ্ছে ৩১ দফার মুল উদ্দেশ্য। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছেন, তাঁর মধ্যে একটি হচ্ছে আমরা সকল কৃষকের জন্য কৃষিকার্ড প্রদান করব। কৃষিকার্ড যার হাতে থাকবে সে কার্ডের মধ্য দিয়ে তারা কৃষিঋণ পাবে। কৃষির সমস্ত উপকরণ ন্যায্যমুল্যে তারা পাবে। বাংলাদেশের সকল নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়া তার অধিকার। সকল নাগরিকের চিকিৎসা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্যকার্ড প্রদানের ব্যবস্থা করব। যে স্বাস্থ্যকার্ড যার হাতে থাকবে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল চিকিৎসা সে পাবে। কেউ বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করবে না। আমরা বলছি ফ্যামিলি কার্ড দিব। ফ্যামিলি কার্ড মানে পরিবার, যিনি মহিলা থাকবেন, মুরুব্বি তার হাতে ফ্যামিলি কার্ড থাকবে। সেটা যার হাতে থাকবে সে পরিবার প্রতিমাসে ভরনপোষণের জন্য ন্যায্যমুল্যে এবং বিনামূল্যে সেই পরিবারের সকল চাহিদা চাল, ডাল, সয়াবিনসহ সকল প্রয়োজনীয় পণ্য সরবরাহ করব। আমরা হয়তো প্রাথমিক পর্যায়ে সকল নাগরিকের ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারব না কিন্তু প্রথমবারেই পঞ্চাশ থেকে এক কোটি ফ্যামিলি কার্ড প্রদান করব। মগনামার হাজ্বী বাজার পথসভা শেষে পূর্বকূল রঙ্গীখালে অগ্মিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন সালাহউদ্দিন আহমদ।
সফরের তৃতীয় দিনের গণসংযোগে পুর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী উজানটিয়ার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন এবং কবির আহমদ স্টেশন, করিমদাদ মিয়ার জেটিঘাট স্টেশন, গুদারপাড় স্টেশন, সোনালী বাজার স্টেশনেপথ সভায় যোগ দেন। মগনামা ও উজানটিয়া দুই ইউনিয়নে মোট সাতটি পথসভায় তিনি অংশ নেন। সর্বশেষ বিকেলে পেকুয়া সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মাঠে পথসভা করেন ও তিনি অনন্ত ৮টি ষ্টেশনে বক্তব্য দেয়।
