‘সিরিয়াল কিলার’ সম্রাটের আসল পরিচয় প্রকাশ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাভার প্রতিনিধি

রাজধানীর উপকণ্ঠ সাভারের পরিত্যক্ত পৌরসভা কমিউনিটি সেন্টারে একের পর এক নৃশংস হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তার আলোচিত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান সম্রাটের আসল পরিচয় প্রকাশ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান তার পরিচয় নিশ্চিত করেন। পুলিশ জানায়, সাভার মডেল থানার আশপাশে ঘুরে-বেড়ানো সম্রাট নিজেকে ‘কিং সম্রাট এবং মশিউর রহমান খান সম্রাট বলে দাবি করলেও তার প্রকৃত নাম সবুজ শেখ। তিনি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামের পান্না শেখের ছেলে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে সম্রাট ওরফে সবুজ শেখ জানায় নিজ পরিচয় গোপন রেখে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বিভিন্ন জায়গা থেকে ভবঘুরে নারীদের পরিত্যক্ত ভবনের নির্জন স্থানে নিয়ে আসত সম্রাট। সেসব নারীরা যদি অন্য কারও সঙ্গে কিংবা অন্য কেউ তাদের সঙ্গে অনৈতিক কাজ করত, তবে সে তাদের হত্যা করত। সবশেষ ঘটনার ৩-৪ দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে এনে রাখে সম্রাট। ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবক অনৈতিক সম্পর্ক করলে প্রথমে তাকে কমিউনিটি সেন্টারের দোতলায় নিয়ে হত্যা করে। এরপর সোনিয়াকে নিচতলায় হত্যা করে লাশ কাঁধে করে নিয়ে দুজনকে একসঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, সোমবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে জিজ্ঞাসাবাদে ৬টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সম্রাট। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে সবুজ শেখ ওরফে সম্রাটকে সোমবার রাতে কারাগারে পাঠিয়ে দেন আদালত। এছাড়া আদালতে জবানবন্দি দেওয়া হত্যাকাণ্ডের তথ্য ও পরিচয়সহ সকল তথ্য যাচাইবাছাই করা হচ্ছে বলে জানান তিনি।