হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি জব্দ এবং তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আদালতের আদেশে জাহাঙ্গীর আলমের নামে থাকা নোয়াখালী জেলায় ৩৫ শতক জমি এবং ঢাকার মিরপুরে ১ হাজার ৩৮৫ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, তার স্ত্রী কামরুন নাহারের নামে থাকা ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে ১ কোটি ৩ লাখ টাকা জমা রয়েছে বলে আবেদনে উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা। জাহাঙ্গীরের বিরুদ্ধে আবেদনে বলা হয়, তিনি নিজের নামে ১৮ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
