নৌবাহিনীর অভিযানে মাদক ও গোলাবারুদসহ তিনজন আটক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর কন্টিনজেন্ট বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে। গত শনিবার ভোর রাতে টেকনাফ পৌরসভাধীন নাইট্যংপাড়া এলাকায় নৌবাহিনীর কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদককারবারি জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয়। এসময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে জুনায়েদ ওরফে মুন্নার বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়ি তল্লাশি করে ৬ কোটি টাকা মূল্যের ১২৫০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস, ১২৬ পিস ইয়াবা, একটি এক নলা বন্দুক, দুটি ওয়াকি-টকি, ৮টি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।
