ঈদের পরে বইমেলা আয়োজনসহ চার দাবি প্রকাশকদের

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের পরে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ আয়োজনসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দেশের প্রকাশকেরা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়। আয়োজকেরা জানান, বইমেলা পিছিয়ে দেওয়ার দাবিটি দেশের প্রায় সব প্রকাশকদের। এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি সিদ্ধান্ত নিয়ে জানায়, ২০ ফেব্রুয়ারি থেকে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ শুরু হবে।

সংবাদ সম্মেলনে প্রকাশকেরা বইমেলা শুরুর এই তারিখ বদলিয়ে পবিত্র ঈদুল ফিতরের পরে নেওয়ার দাবি জানান। তারা জানান, এই দাবি দেশের সংখ্যাগরিষ্ঠ প্রকাশকদের। সংবাদ সম্মেলনে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেন, ৯ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংখ্যাগরিষ্ঠ প্রকাশকের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের বইমেলা পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের ঘোষণা দিতে হবে।