৩০১০৫ সুবিধাবঞ্চিত শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ প্রকল্পের অবহিতকরণ সভা
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

৩০ হাজার ১০৫ সুবিধাবঞ্চিত শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কাপ-আপ (ফেইজ-২) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ঝরেপড়া শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে। এসব শিশুদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে তাদের প্রয়োজনীয় চাহিদা ও করণীয় বিষয় নিয়ে সঠিকভাবে কাজ করতে হবে যেন তারা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে।
গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম)-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও অডিট) যুগ্ম সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি একথা বলেন। তিনি আরও বলেন, এই প্রজেক্টগুলো সাফল্যমণ্ডিত করতে সরকার ও এনজিওগুলোর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। তিনি শিশুদের শিক্ষার প্রতি মনোনিবেশ বাড়াতে ’মিড ডে মিল’-এর মতো আরও কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানান।
ডামের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান বলেন, কাপ-আপ (ফেইজ-২) প্রকল্পের শুরু থেকে এগোতে হবে যেন মাঝপথে এসে ছিন্নমূল শিশুরা আবার ঝরে না যায়। তাই খাবার, স্কুলের ড্রেস, টিফিন সিস্টেমসহ আরও যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো নিয়ে শিক্ষকদের ব্যবস্থা করতে আহ্বান জানান। স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কেএম জাহিদুজ্জামান। কাপ-আপ (ফেইজ-২) শিক্ষা প্রকল্পের উপর উপস্থাপনা করেন শিক্ষা ও টিভিইটি সেক্টরের যুগ্ম পরিচালক ও কাপ-আপ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান। তিনি জানান, প্রকল্পটি ঢাকার মিরপুর, মোহাম্মাদপুর ও নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানে কাজ করবে। এরইমধ্যে প্রকল্পটি ১৯৫টি লার্নিং সেন্টারের মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান রেখেছে। ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ (ফেইজ-২) শিক্ষা প্রকল্প আয়োজিত এই অবহিতকরণ সভায় বক্তারা জানান, সুবিধাবঞ্চিত বস্তি-এলাকার ৩০,১০৫ স্কুল বহির্ভূত শিশুদের প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় অভিগম্যতা নিশ্চিত ও মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে। ডামের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা কাপ-আইএসডিবির বাংলাদেশ কান্ট্রি কোঅরডিনেটর আরিফ সাহিদ ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রামস) ড. এসএম খলিলুর রহমান। এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন মোহাম্মদপুর থানার মাধ্যমিক শিক্ষা অফিসার রাজু আহমেদ, পল্লবী থানার মাধ্যমিক শিক্ষা অফিসার ফারজানা শারমিন এবং বিভিন্ন সিএলসির সভাপতিসহ আরও অনেকে। এর পাশাপাশি স্কুল বহির্ভূত শিশুদের প্রাথমিক শিক্ষায় অভিগম্যতা নিশ্চিত, মানসম্মত শিক্ষা প্রদান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ইত্যাদি কারিগরি দিক নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, শিক্ষাকর্মী এবং অভিভাবকরা তাদের মতামত তুলে ধরেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপ-আপ (ফেইজ-২) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন কোঅর্ডিনেটর শেখ শফিকুর রহমান ও ডামের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শিক্ষা উৎসাহী ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের কাপ-আপ (ফেইজ-২) দাতা সংস্থা কিং আবদুল্লাহ হিউম্যানেটেরিয়ান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পটি ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে যাত্রা শুরু করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
