রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ডব্লিউএফপিকে অনুদান ইইউ’র

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) অতিরিক্ত ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের ‘ডিরেক্টরেট-জেনারেল ফর ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস’ (ইকো) এই অর্থ প্রদান করে। গতকাল মঙ্গলবার ডব্লিউএফপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অতিরিক্ত অনুদানসহ ২০২৫ সালে বাংলাদেশে ডব্লিউএফপি’র জন্য ইইউ’র মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫৩ লাখ ইউরো।

বাংলাদেশে ইইউ মানবিক সহায়তার প্রধান ডেভিডে জাপ্পা বলেন, ‘বিশ্বজুড়ে মানবিক সংকটের কারণে ২০২৫ সাল ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তা সত্ত্বেও রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ইইউ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো ইইউ’র মূল নীতি। নিরপেক্ষ ও প্রয়োজনভিত্তিক মানবিক সহায়তা পৌঁছে দিতে ডব্লিউএফপি’র মতো বিশ্বস্ত অংশীদারের সঙ্গে কাজ আমরা কাজ চালিয়ে যাব।’

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, যার মধ্যে গত ১ বছরে আসা নতুন ১ লাখ ৪০ হাজার শরণার্থীও অন্তর্ভুক্ত। ডব্লিউএফপি তার ই-ভাউচার ব্যবস্থার মাধ্যমে এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করছে।