দিনকালের সাংবাদিক আলী মাহমুদের লাশ উদ্ধার
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাহমুদের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে খবর পেয়ে শৌচাগারের দরজা ভেঙে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘তিনি গতকাল প্রেসক্লাবে এসেছিলেন, পরে ওয়াশরুমে গিয়ে আর বের হননি। আমরা খবর পেয়ে পরিবারের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেছি। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৭০ বছর বয়সী সাংবাদিক আলী মাহমুদের পরিবারে স্ত্রী এবং দুই ছেলে এক মেয়ে আছেন। তার স্ত্রী জেসমিন আরা বলেন, ‘রাতে উনি (আলী মাহমুদ) বাসায় ফেরেনি। আমরা চিন্তায় ছিলাম। সকালে তার খোঁজ নিতে জাতীয় প্রেস ক্লাবে যাই। সেখানে কিছুক্ষণ থাকার পরে ক্লাবের পরিচ্ছন্নতা কর্মী খবর দেন যে, ওয়াশরুমে উনার দেহ অবচেতন অবস্থায় পড়ে আছে।’ মরদেহের ময়নাতদন্ত করা হবে কী না জানতে চাইলে ওসি মনিরুজ্জামান বলেন, ‘ওনার স্ত্রী-সন্তানরা কী বলে সেটার ওপর নির্ভর করছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ আলী মাহমুদের জন্ম ১৯৫৬ সালে, রাজশাহীর পবায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর সাংবাদিকতা শুরু করেন তিনি। তার প্রথম কর্মস্থল রাজশাহীর দৈনিক বার্তা। এরপর ঢাকায় এসে যোগ দেন দৈনিক দিনকালে। দীর্ঘ দিন এই পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে সর্বশেষ নগর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। আলী মাহমুদ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য ছিলেন; বিএনপির মিডিয়া সেলেরও তিনি সদস্য ছিলেন। আলী মাহমুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দৈনিক দিনকালসহ সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দৈনিক দিনকালের সাংবাদিকরা বলেন, অত্যন্ত সাদাসিধে মানুষ ছিলেন আলী মাহমুদ। কারও বর্ণনায় তিনি ‘আপাদমস্তক একজন ওয়ার্কিং জানালিস্ট’, তিনি সব সময়ে মাঠেই কাজ করতেন। তার মৃত্যুতে ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া পৃথক পৃথক শোক বার্তা দিয়েছেন।
