তারেক রহমান ও জোট নেতাদের অভিনন্দন বিআরজেএ’র
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির মুখপাত্র সজিব ভুঁইয়াকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতারা। গতকাল সংগঠনটির চেয়ারম্যান ও মহাসচিব এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন বার্তা প্রদান করেন। বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার সব রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা গড়ে তুলবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বিবৃতিতে বলা হয়, দেশের উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় সব মহলের ঐক্যবদ্ধ প্রয়াসই পারে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন-সংগ্রামে গত ১৭ বছরে সারাদেশে ৬৯ জন সাংবাদিক পেশাগত দায়িত্বপালনকালে হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। শহিদ সাংবাদিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা, পুনর্বাসন, সন্তানের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
