শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জয়ী সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। গতকাল মঙ্গলবার সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর এই বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বলে জানান শায়রুল কবির খান।

এর আগে বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির নির্বাচিত প্রার্থীরা। তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেননি।

শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার- ১ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শপথকক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে একটি নির্দেশনা দেন। নির্দেশনায় সালাহউদ্দিন আহমদ জানিয়ে দেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি।

গতকাল দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবন থেকে গুলশানের বাসার দিকে রওনা দেন তারেক রহমান। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসায় পৌঁছান। বিএনপির কেন্দ্রীয় দপ্তরে যুক্ত থাকা দলটির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানান। বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ গ্রহণ করেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্য-আন্তরিকতায় কাজ করতে চাই- ফখরুল : জাতীয় সংসদকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্য ও আন্তরিকতায় সরকারি দল কাজ করবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বিশ্বাস করি, এ সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। সবকিছু সংসদকেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ঈপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে। সেটা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে।’

এবারের সংসদ কতটা কার্যকর হবে- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এ সংসদ নিঃসন্দেহে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে। সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন।’ বিরোধীদলীয় সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তাদের সঙ্গে সরকারি দল কীভাবে কাজ করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের কথা। বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতা এবং সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই।’