রমজানের প্রথম দিনে গাজায় শিশু হত্যা করল ইসরায়েল

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রমজানের প্রথম দিন গতকাল বুধবার গাজায় এক শিশু ও এক তরুণসহ দুজনকে হত্যা করল দখলদার ইসরায়েল। একই সঙ্গে আংশিকভাবে খুলে দেওয়া রাফাহ সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য বাইরে যেতে চাওয়া হাজারো মানুষকে আটকে রেখেছে ইসরায়েল। দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের মধ্যেই এ দমবন্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় নিজেদের বিধ্বস্ত ঘরবাড়ি দেখতে যাওয়ার পথে শিশুদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই হামলায় এক শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। অন্যদিকে, গাজার দক্ষিণে খান ইউনুসের পূর্বদিকে বানি সুহেইলা গোলচত্বরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন ২০ বছর বয়সী মুহান্দ জামাল আল-নাজ্জার। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে।

গাজার হাসপাতাল সূত্র জানায়, মধ্য গাজার আল-মুঘরাকা এলাকায় ও দক্ষিণের রাফাহ শহরের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি গুলিতে আরও তিনজন আহত হয়েছেন। এদিকে, গাজা থেকে চিকিৎসার জন্য বাইরে যেতে চাওয়া হাজারো মানুষের কাতর অপেক্ষা চলছেই। আংশিকভাবে পথ খুললেও বাস্তবে রাফাহ পারাপারে কঠোর বাধা বজায় রেখেছেন ইসরায়েলি সেনারা।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসা) হিসাব অনুযায়ী, আড়াই সপ্তাহ আগে আংশিকভাবে পথ খোলার পর থেকে এখন পর্যন্ত গাজা থেকে মাত্র ২৬০ রোগী বের হতে পেরেছেন। জরুরি চিকিৎসার প্রয়োজন এমন মানুষের সংখ্যা প্রায় ১৮ হাজার ৫০০, তার তুলনায় এটি অত্যন্ত সামান্য।