সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ
জানালেন ডিএমপি কমিশনার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গতকাল বুধবার ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ মো. সাজ্জাত আলী এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে পুলিশ সদস্যরা নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর মাধ্যমে পুলিশ বাহিনী তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে এই ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) আসন্ন রমজান উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দেন। তিনি বলেন, রমজানে ইফতারের আগে রাজধানীতে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে, যাতে নগরবাসী নির্বিঘ্নে বাসায় ফিরে ইফতার করতে পারেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামনে একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে। এ ছাড়া পবিত্র রমজান মাসে, বিশেষ করে তারাবিহর সময়, চুরি-ছিনতাই প্রতিরোধে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন কমিশনার।
