ট্রাইব্যুনালে বিচারকাজ ‘অবশ্যই’ চলমান থাকবে

বললেন প্রধান কৌঁসুলি

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বর্তমান প্রসিকিউশন টিম থাকুক বা না থাকুক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ চলমান থাকবে বলেছেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, নতুন সরকারের তরফে তাদের সুনির্দিষ্টভাবে কিছু না বললেও বিচারকাজ চলমান রাখার বিষয়ে ‘ইঙ্গিত’ দিয়েছে।

জুলাই আন্দোলন দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয়, যেখানে এখন সেই সরকারের সাবেক মন্ত্রী-এমপিদের বিচার চলছে।

অন্তর্বর্তী সরকার প্রায় দেড় বছর পর নির্বাচন দিয়ে বিদায় নিয়েছে। গত বুধবার থেকে অফিস শুরু করেছেন বিএনপির নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

বিদায়ের আগের দিন সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যার একাধিক মামলার রায় আসার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা আশা করছি, আগামী দিনগুলোতেও বিচারিক প্রক্রিয়া অত্যন্ত নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাবে।”

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ট্রাইব্যুনালে বিচারকাজ চলমান থাকার বিষয়ে কোনো বার্তা এখন পর্যন্ত পৌঁছেছে কি না অথবা কোনো দপ্তর থেকে পৌঁছেছে কি না, প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে প্রধান কৌঁসুলি তাজুল বলেন, “সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা না এলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে। এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী, তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে।

“সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা, বিচার বিচারের মতো চলমান থাকবে।”

তিনি বলেন, “সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব।”

এটাই ন্যায়বিচারের দাবি মন্তব্য করে তিনি বলেন, “আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি।”

সরকার বদলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে ঢেলে সাজানোর অংশ হিসেবে প্রধান কৌঁসুলির দায়িত্ব পান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের আরও চার আইনজীবীকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এই চার প্রসিকিউটর হলেন- মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান।

তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক ছিলেন। সেই পদ থেকে তার পদত্যাগ করার খবর এসেছে সংবাদমাধ্যমে। প্রসিকিউশন টিমের থাকা বা না থাকার বিষয়ে কোনো খবর আছে কি না জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, “না, কোনো কথা হয়নি। আমাদেরকে বলা হয়েছে সবকিছু স্বাভাবিক থাকবে।”