এ বছরই ৫ কোটি গাছ রোপণ করা হবে
বললেন ত্রাণমন্ত্রী
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, আমরা ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এর অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি চারা রোপণ করা হবে। গতকাল শুক্রবার লালমনিরহাট সদর উপজেলার মোস্তাফি এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পবিত্র ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে দেশের হতদরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে এ কর্মসূচির আওতায় আনা হবে।
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, ‘আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের একটি ‘বিশেষ প্যাকেজ’ গ্রহণ করা হয়েছে। এই প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে এরই মধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’
