পিলখানা হত্যাকাণ্ড
বিস্ফোরক আইনের মামলায় ৩০৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হওয়ার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সিআইডির ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিকের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক মো. মমিনুল ইসলামের আদালতে তিনি জবানবন্দি দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। তার জেরা শেষ হওয়ায় আগামী ২ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। এখন পর্যন্ত মামলাটিতে ১ হাজার ৩৪৫ জন সাক্ষীর মধ্যে ৩০৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার চিফ পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই মামলায় ৮২২ জন আসামি রয়েছে। এর মধ্যে ৩২৮ জন জামিনে আছে। কারাগারে আছে ৪২৭ জন। কিছু আসামি পলাতক রয়েছে। কিছু আসামির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৪৯ আসামির জামিন আবেদন থাকলেও শুনানি হয়নি। তিনি আরও বলেন, পিলখানায় অস্ত্রাগারের গোডাউনের পাশে বিস্ফোরক দ্রব্য আলামত জব্দ করেন এই সাক্ষী। সেই বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে প্রথমে চকবাজার থানায় দুটি মামলা দায়ের করা হয়। পরে মামলা দুটি স্থানান্তর করা হয় নিউমার্কেট থানায়। ২০১০ সালের ১২ জুলাই হত্যা মামলায় এবং ২৭ জুলাই বিস্ফোরক আইনের মামলায় চার্জশিট দাখিল করেন সিআইডি। ২০১১ সালের ১০ আগস্ট হত্যা মামলায় চার্জগঠন করে বিচার শুরু হলেও বিস্ফোরক আইনের মামলার বিচার স্থগিত ছিল।
