টিউলিপের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আদেশ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করতে আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।
আবেদনে বলা হয়, টিউলিপ তার খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেন। তিনি রাজউকের আইন কর্মকর্তাকে প্রভাবিত করেন। অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার মাধ্যমে তিনি বিনা মূল্যে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাটের দখল বুঝে নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু মামলা দায়েরের আগেই তিনি দেশত্যাগ করেন। তিনি মামলা প্রমাণে সহায়ক প্রমাণসহ আলামত বিনষ্ট করার চেষ্টা করছেন। এ কারণে তাকে গ্রেপ্তার করা প্রয়োজন। তবে তিনি ইতিমধ্যে দেশত্যাগ করায় তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা প্রয়োজন।
