ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিতের নির্দেশ ইসির
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া আষ্টম জাতীয় ভোটার দিবসের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বৃহস্পতিবার ইসির উপসচিব মো. রফিকুল ইসলাম সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। ইতোমধ্যে ভোটার দিবস উপলক্ষে গঠিত সব কমিটির আহ্বায়ক ও মাঠ পর্যায়ে ইসির সব কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আগামী ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দেওয়া হয়েছেন।
এতে আরও বলা হয়েছে, অষ্টম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে। ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিতের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বলেন, রমজান মাস থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। ভোটার দিবসের প্রস্তুতি সেভাবে আমরা নিতে পারিনি।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে আরও জাকজমকভাবে উদযাপন করা হবে। রমজান মাসে জাকজমকভাবে করা যাবে না। এ সময় ঈদের পরে এই দিবস পালন করা হবে বলেও জানান তিনি। তবে দিন-তারিখ এখনও নির্ধারিত হয়নি। পরে এই সিদ্ধান্ত নেওয়া হবে জানান রুহুল আমিন মল্লিক।
জানা যায়, এর আগে আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনে সারা দেশে ৫৭০টি কমিটি করেছিল ইসি। আবার গত বুধবার এক চিঠিতে নির্বাচন কমিশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত থাকারও নির্দেশনা দিয়েছিলো ইসি।
এমন পর্যায়েই ভোটার দিবসের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিল সাংবিধানিক সংস্থাটি।
