ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা

তদন্ত কমিটি গঠন ও ডিসি মাসুদকে অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রনেতা নাঈম উদ্দীনের ওপর ‘পুলিশের হামলা’র ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং তদন্ত চলাকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর ১টার দিকে ঢাবির রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে ‘নিপীড়নের বিরুদ্ধে নৃবিজ্ঞান’ প্ল্যাটফর্ম। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের জন্য থানায় যায়। তবে শাহাবাগ থানার ডিউটি অফিসার ‘কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে’ অভিযোগপত্র জমা নেয়নি বলে জানান শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের একজন, নৃবিজ্ঞান বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিয়া ফাহমিন বলেন, আমরা ভেতরে গিয়েছিলাম অভিযোগপত্র জমা দিতে, সেখানে ডিসি ছিলেন না। তাই আমরা ডিউটি অফিসারের কাছে অভিযোগপত্র জমা দিতে যাই। কিন্তু তিনি কোনও পুলিশ সদস্যের বিরোদ্ধে অভিযোগপত্র জমা নিতে রাজি হননি। তিনি আরও অভিযোগ করেন, লিখিত অভিযোগের আগে মৌখিক অভিযোগ করতে চাইলে সেটিও নিতে রাজি হননি পুলিশ।