রাজধানীতে দীর্ঘ যানজট, রমজানে ভোগান্তি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সরকারি ছুটির দিন হলেও সড়কে যানবাহনের চাপ বেশি থাকায় যাত্রীদের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে দুপুরের পর থেকে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠে। সরেজমিনে দেখা গেছে- শাহবাগ, ধানমন্ডি, পল্টন, ফার্মগেট, মিরপুর রোড, শ্যামলী, মহাখালী, রামপুরা, বাড্ডা ও মালিবাগ এলাকায় গাড়িগুলো দীর্ঘ সময় সিগন্যালের মধ্যে আটকা থাকে। সিগন্যাল ছাড়লেও ধীরগতিতে চলাচল করায় রাস্তায় স্থির অবস্থা বিরাজ করে। যাত্রীরা জানিয়েছেন, রমজানের শুরু থেকে প্রতিদিন রাজধানীর বিভিন্ন সড়কে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে গণপরিবহন ব্যবহারকারীরা রোজার সময় ভোগান্তিতে পড়ছেন।
রাজধানীর রামপুরার বাসিন্দা আবদুল কাদির বলেন, ‘পল্টন থেকে বাসা ফেরার সময় বিজয়নগর, কাকরাইল ও মালিবাগের সিগনাল পার হতে দুই ঘণ্টার বেশি সময় লাগছে। রমজানের প্রথম দিন থেকেই এই পরিস্থিতি।’ ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, হঠাৎ গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে। তারা জানিয়েছে, ট্রাফিক সদস্যরা যথাযথ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।
