কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা জব্দ, আটক এক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং এক মাদক পাচারকারী আটক। গতকাল বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন জিরো পয়েন্ট সি-বিচ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
