পেট্রোল পাম্পে জ্বালানিমন্ত্রী বাইকচালকদের বললেন ‘অস্থির হয়েন না’
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেল-গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ভিড় বেড়েছে। পরিস্থিতির খোঁজ নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ হঠাৎ পাম্প পরিদর্শন করেছেন।
মন্ত্রী গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর একটি পেট্রোল পাম্প পরিদর্শনে যান। এসময় জ্বালানি তেল নিতে মোটরসাইকেলচালকদের দীর্ঘ লাইন দেখে তিনি বলেন, ‘অস্থির হয়েন না। খামাখা সময় নষ্ট করতেছেন।’
পরে পাম্পের মালিকের খোঁজ করেন মন্ত্রী। তখন এক ব্যক্তি এগিয়ে আসলে তিনি তাকে বলেন, ‘একবারে খায়া ফেলালে, যুদ্ধ চলতেছে, গাড়ি নিয়ে বসে থাকা লাগবে। সবাইকে বুঝায়া বইলো- ভাই তেল আছে আমাদের, কিন্তু যুদ্ধের জন্য রিজার্ভ রাখতেছি।’
ইকবাল হাসান মাহমুদ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আপনার সংসারে যদি এক মণ চাল থাকে আর যদি সাপ্লাই না থাকে, আপনি কম করে খাবেন না? এটা সবাইকে বলেন। আর দুই হাজার টাকার (প্রাইভেটকারের জন্য) বেশি (তেল) দেবেন না।’ এসময় মন্ত্রী জিজ্ঞাসা করলে পাম্পের কর্মচারী জানান, মোটরসাইকেলের জন্য ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। তখন মন্ত্রী বলেন, ‘ঠিক আছে।’
