বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
বেতন ও ঈদ বোনাসের দাবিতে ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার কাঁঠালী এলাকায় অবস্থিত রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। এতে প্রায় আধাঘণ্টা সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শ্রমিকদের দাবি, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। প্রতি মাসের বেতন সাধারণত মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনও দেওয়া হয়নি। এছাড়া অনেক কারখানায় এরইমধ্যে ঈদ বোনাস প্রদান করা হলেও তাঁদের বোনাস দেওয়া হয়নি। শ্রমিকরা জানান, ঈদকে সামনে রেখে ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতন দেওয়ার দাবিতে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানায়, ফেব্রুয়ারি মাসের বেতন আগামী দুই-এক দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে দেওয়া হবে।
তবে মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতন দেওয়ার বিষয়ে তারা অপারগতা প্রকাশ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নেন। ঘটনাস্থলে ভালুকা মডেল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনায় সহায়তা করে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, শ্রমিকরা কিছু দাবিদাওয়া নিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস পেলে তারা অবরোধ তুলে নেন।
