ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ব্যালট, রেজাল্ট শিট নির্বাচন কমিশনকে (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই আসনের অপর প্রার্থীদের এ বিষয়ে নোটিশ ইস্যু করা হয়েছে।
মামলার শুনানির জন্য গ্রহণ করে গতকাল বুধবার বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ঢাকা-১৩ আসনের জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক। এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির ববি হাজ্জাজ।
এর আগে ২৫-এর বেশি প্রার্থী হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
