আরব দেশগুলোতে হামলা বন্ধ করতে ইরানকে হামাসের আহ্বান
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এক বিবৃতিতে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে এই অঞ্চলে ইরান লক্ষ্য করে পরিচালিত মার্কিন ও ইসরায়েলি হামলা রুখতে আঞ্চলিক দেশগুলোকে ‘সহযোগিতা ও ঐক্যবদ্ধ’ হওয়ার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। গতকাল শনিবার দেওয়া এক বিবৃতিতে হামাস এই আহ্বান জানায়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হামাসের পক্ষ থেকে দেওয়া প্রথম আনুষ্ঠানিক বিবৃতি। বিবৃতিতে হামাস বলেছে, আন্তর্জাতিক রীতি ও আইন অনুযায়ী যেকোনো উপায়ে এই আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে। তবে আমরা ইরানের ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকে। ইরান ও কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এই গোষ্ঠীটি আরও উল্লেখ করেছে যে, এই যুদ্ধ বন্ধ হওয়া বর্তমান অঞ্চলের সামগ্রিক স্বার্থে অত্যন্ত জরুরি। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট অক্ষশক্তির অন্যতম প্রধান অংশীদার হলো হামাস।
