রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী নগরের চন্দ্রিমা থানার শালবাগান এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির নগরের মালদা কলোনি এলাকার মো. আবদুল্লাহর ছেলে। নিহত ব্যক্তির বড় ভাই শাকিল আহমেদ বলেন, গতকাল শনিবার সকালে তারা দুজনই শালবাগান এলাকায় ইসমাইল হোসেনের নির্মাণাধীন চারতলা ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। এ সময় সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পেছনের একটি দোতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভবনমালিকের ছেলে মো. সুমন বলেন, ভবনে কাজ করার সময় শ্রমিকদের সেফটি গার্ড ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এমনকি এ বিষয়ে স্ট্যাম্পে চুক্তিও করা হয়েছিল যে সেফটি গার্ড ছাড়া কোনো কাজ করা যাবে না। আগে কয়েকবার সেফটি গার্ড না থাকায় কিছু শ্রমিককে কাজ করতেও দেওয়া হয়নি। দুই দিন আগে চারতলা থেকে একটি বাঁশ পড়ে গেলে অল্পের জন্য তার দুই সন্তান রক্ষা পায়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কও করা হয়েছিল।
