মধ্যপ্রাচ্যের ছয় দেশের ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে মন্ত্রণালয়ের বার্তা
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে বিপাকে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা। সবচেয়ে ঝামেলায় রয়েছে ছুটিতে দেশে আসা প্রবাসীরা। ছুটিতে আসা অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা শিগগিরই উত্তীর্ণ হতে যাচ্ছে। তবে, এ মুহূর্তে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না তাদের। এমন প্রবাসীদের নিয়ে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল শনিবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন হতে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ/অনলাইনে আবেদন করতে হবে। কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার এরইমধ্যে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে এমন সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে।
