ঢাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় সাবেক কাউন্সিলর মিন্টু রিমান্ডে

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টুকে দুদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মিন্টুকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন নামঞ্জুর করে মিন্টুর জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি আবুল কালাম আজাদ মিন্টুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নিতে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৫টার দিকে বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা চালানো হয়। হামলার সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং মারধরের ঘটনায় গাড়িবহরের সঙ্গে থাকা কয়েকজন আহত হন।