পদ্মায় বাসডুবি

অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছেলেকে হারিয়ে দিশাহারা আজিজ

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

টিনের ছাউনি; ঘরের বেড়াও টিনের তৈরি। ভেতর থেকে বের হলেন আবদুল আজিজ। চোখে ক্লান্তির ছাপ; হাঁটছেন আস্তে আস্তে। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি একটু থমকে গেলেন। তার চোখ বেয়ে পানি ঝরছে। এক মিনিট পর বললেন, ‘জানেন ভাই, আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। একমাত্র ছেলের বয়স ৬ বছর। স্ত্রী-সন্তান সবাই চলে গেল। আমার কেউ রইল না।’ আবদুল আজিজের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস ডুবে তার স্ত্রী নাজমিরা ওরফে জেসমিন (৩০) ও ছেলে আবদুর রহমান (৬) নিহত হয়েছেন। গত বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে গোয়ালন্দে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটিতে ৪৫ জনের মতো যাত্রী ছিলেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।