বাড়িতে বাবার সামনে ছেলেকে গুলি করে হত্যা

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভিতরে প্রবেশ করে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও স্বজনরা জানান, গতকাল বিকাল চারটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিল তিনি।

এসময় তিনটি মোটরসাইকেলে ৬ জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে প্রবেশ করে এবং প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে ধাওয়া দেয়। তখন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং বাড়ির পাশের খালের পাড়ে পড়ে যান। তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।