এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে লোডিং শেষ করে ছেড়ে যাওয়ার পর ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেরিটি ঘাট ছেড়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়লে ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন। এ সময় অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে ফেরির কর্মচারীরা দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিভে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম বলেন, সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে গেলে এমন সামান্য আগুন ও কালো ধোঁয়া দেখা দিতে পারে। আজকের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।