টানা বৃষ্টিতে বাড়বে পানি, বন্যার ঝুঁকি কম

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে গত সাত দিন ধরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আগামী সাত দিনেও (৩০ মার্চ থেকে ৬ এপ্রিল) এ অঞ্চলে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা কম বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। গতকাল সোমবার বিকেলে সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানের সই করা উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা-সংক্রান্ত সাত দিনের ধারণাগত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে হাওর অববাহিকার প্রধান নদী ও উপনদীগুলোর পানি সমতল সপ্তাহের প্রথমার্ধে কিছুটা বাড়তে পারে, তবে শেষার্ধে তা কমতে পারে। সার্বিকভাবে নদীগুলোর পানি প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে আরও জানানো হয়, আগামী সাত দিনে (৩০ মার্চ থেকে ৬ এপ্রিল) স্থানভেদে সর্বোচ্চ ১০০ থেকে ১২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।