বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিমান সদর দপ্তর পরিদর্শন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আফরোজা খানম (রিতা) এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত গতকাল সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সদর দপ্তর, বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা পরিদর্শন করেন। মন্ত্রীদ্বয় সদর দপ্তরে পৌঁছালে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. হুমায়রা সুলতানা এবং পরিচালকরা তাদের স্বাগত জানান। অতঃপর কনফারেন্স কক্ষে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিমানের বর্তমান রুট নেটওয়ার্ক, বহর সম্প্রসারণ পরিকল্পনা, আর্থিক অগ্রগতি, যাত্রীসেবার মানোন্নয়ন এবং আসন্ন হজ অপারেশনসহ সামগ্রিক কার্যক্রমের উপর বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়। মন্ত্রীদ্বয় বিমানের অভিজ্ঞ ও দক্ষ জনবলের প্রশংসা করেন এবং উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ প্রদান করেন। তারা বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসু আলোচনা করেন এবং কিছু দিকনির্দেশনা দেন। মাননীয় মন্ত্রী জনাব আফরোজা খানম (রিতা) বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের জাতীয় গর্বের প্রতীক। এই প্রতিষ্ঠানকে আরও আধুনিক, প্রতিযোগিতামূলক ও যাত্রীবান্ধব করে গড়ে তুলতে সরকার দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ।’ তিনি আরও বলেন, বর্তমান সরকারের সদিচ্ছাকে কাজে লাগিয়ে বিমানকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে অন্যরা বিমানকে অনুসরণ করে।