ডিএফপিতে নির্মাতাদের ওপর হামলায় জড়িতদের বহিষ্কার ও গ্রেপ্তার দাবি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে (ডিএফপি) তথ্যচিত্র নির্মাতাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘কালচার অ্যান্ড ফিল্ম কালেক্টিভ’। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ সংবাদ সম্মেলন হয়।
আয়োজিত সংবাদ সম্মেলনে নির্মাতারা গত ৩০ মার্চের ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং জড়িত কর্মকর্তা মো. মশিউর রহমানসহ বহিরাগত হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চলচ্চিত্র নির্মাতা জাহিন ফারুক আমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আলোকচিত্রশিল্পী সাংবাদিক ও সমাজকর্মী শহিদুল আলম। তিনি হামলার ঘটনা উল্লেখ করে বলেন, ‘ফৌজদারি অপরাধের ক্ষেত্রে মামলা না নেওয়ার সুযোগ নেই। যেখানে ডিএফপিতে প্রকাশ্যে এসব হচ্ছে, তাদের ধরা কঠিন কেনো? এটা নিয়ে সরকার নির্বিকার কেনো। তারা সিন্ডিকেটের হওয়ায় কি সরকারের চেয়েও ক্ষমতাশালী। দেশ কে চালাচ্ছে সেই প্রশ্ন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘হামলার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব হয় কীভাবে? এটি নিয়ে কোনো তদন্ত হয়েছে কিনা আর কতটা ক্ষমতা থাকলে এটা গায়েব হয় জানি না। যদি বিচার না করেন আমরা দেখে নেবো কিভাবে করা যায়।’
নাট্যকর্মী ঋতু সাত্তার বলেন, ‘জুলাই পরবর্তী সময়জুড়ে আমরা একটি মবোক্রেসি দেখে এসেছি। ডিএফপিতে কয়েকজনের ওপর হামলা মানে শিল্প সংস্কৃতির ওপর হামলা। এমনভাবে শক্তি দেখানো হচ্ছে যেনো কেউ কথা না বলে। পরিচালককের রুমে এ ধরনের ঘটনা ঘটা কোনোভাবেই কাম্য নয়।’ কালচার এন্ড ফিল্ম কালেক্টিভের লিখিত বক্তব্যে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আদায়ের দাবিতে গত ৩০ মার্চ ডিএফপি কার্যালয়ে অবস্থান করছিলেন একদল নির্মাতা। দীর্ঘ সময় অপেক্ষার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই প্রকল্পের প্রযোজক ও সরকারি কর্মকর্তা মো. মশিউর রহমান বিল পরিশোধের প্রক্রিয়ায় উদ্দেশ্যমূলকভাবে বাধা দেন। বিষয়টি নিয়ে ডিএফপির মহাপরিচালকের (ডিজি) সামনে আলোচনা চলাকালে মশিউর রহমান উপস্থিত নির্মাতাদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং বাগ্?বিতণ্ডায় লিপ্ত হন। ?সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বাগ্?বিতণ্ডার একপর্যায়ে কোনো উস্কানি ছাড়াই ৩০-৪০ জন বহিরাগত সন্ত্রাসীকে এনে ডিজির কক্ষের সামনেই নির্মাতাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে নির্মাতা মোহাম্মদ গোলাপ শাহ, আবদুর রহমান, নাসিফ ফারুক আমিন ও মোশফিকুর রহমান জোহানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। ?সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ছবি দেখে সনাক্ত করা ?হামলাকারীদের মধ্যে রয়েছেন- হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমানে স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, একই ইউনিটের সাবেক আহ্বায়ক সদস্য দিদারুল ইসলাম দিদার, আসাদুল ইসলাম এবং ছাত্রদল কর্মী জীবন আহমেদ হামলা করেন।
