চাঁদাবাজির অভিযোগ

কেরোসিন ঢেলে পরিবারসহ আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর আসামি গ্রেপ্তার

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় চাঁদাবাজির ঘটনায় এক ভুক্তভোগী ব্যবসায়ী পরিবারের সদস্যরা আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় এজাহারভুক্ত ১ নম্বর আসামি জাকিরকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাব-২। ভুক্তভোগী ব্যবসায়ী পরিবারটি দেড় লাখ টাকা চাঁদাও দিয়েছে এর আগে। গতকাল শুক্রবার র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে চাঁদাবাজ জাকিরকে গ্রেফতার করা হয়। এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. আলমগীর (৪৬) দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি ভাতের হোটেল পরিচালনা করতেন। গ্রেফতার জাকির ও তার সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে নিয়মিত চাঁদা আদায় করতো। ওই ব্যবসায়ীর কাছ থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করেন জাকির। এছাড়া অভিযুক্তরা প্রায়ই হোটেলে বাকি খেয়ে চলে যেতেন। গত ৩০ মার্চ বিকেলে জাকির ও তার সহযোগীরা আবারও হোটেলে এসে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে আতঙ্কিত হয়ে তিনি আরও ৫০ হাজার টাকা দিতে বাধ্য হন। এ ঘটনায় চরম ভীত ও হতাশ হয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন। পরবর্তী সময় এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।