শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করলেন নাসা গ্রুপের শ্রমিকরা

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও লিঙ্ক রোডে সড়ক অবরোধ করেছিলেন নাসা মেইনল্যান্ডের শ্রমিকরা। পরে শ্রমমন্ত্রীর আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। গতকাল রোববার মহাখালী-নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় প্রায় ৭০০ থেকে ৮০০ পোশাক শ্রমিক সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তারা মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন।

পরে শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী জানান, পরদিন সকাল ১১টায় শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের নিয়ে শ্রম মন্ত্রণালয়ে একটি বিশেষ বৈঠক হবে। তিনি বলেন, বিষয়টিতে আইনি জটিলতা রয়েছে। এমন সমাধান খোঁজা হবে যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও কার্যক্রম চালাতে পারে।

এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ঈদের সময় অন্যবারের মতো সড়ক অবরোধ হয়নি এবং জনদুর্ভোগ কম ছিল। শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার আহ্বানও জানান তিনি।

আলোচনায় নাসা মেইনল্যান্ড কর্তৃপক্ষ জানায়, ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দ থাকায় কারখানা চালানো কঠিন হয়ে পড়েছে। তবে তারা মার্চ মাসের বেতন দিতে পারবে বলে জানায়। পাশাপাশি শ্রমিকদের অর্জিত ছুটির টাকার বিষয়ে সরকারের সহায়তা চায় প্রতিষ্ঠানটি।

শ্রমমন্ত্রীর আশ্বাস ও পরদিনের বৈঠকের সিদ্ধান্তের পর শ্রমিকরা আন্দোলন স্থগিত করে সড়ক ছেড়ে দেন। এ সময় মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।