বরগুনায় কাঁকড়া চাষিদের মধ্যে উপকরণ বিতরণ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল সোমবার বরগুনা সদর উপজেলার ডিএফইডির RHL প্রকল্প অফিস প্রাঙ্গণে কাঁকড়া চাষিদের মধ্যে কাঁকড়া চাষের উপকরণ বিতরণ করা হয়। ‘Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)’ প্রকল্পটির উদ্যোগে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হেসেন মিনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএফইডি বরিশাল জোনের জোনাল ম্যানেজার মো. মহশিন হেসেন। আরও উপস্থিত ছিলেন RHL প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আমিনুল হক এবং কমিউনিটি মোবিলাইজেশন অফিসার (ফিসারিজ) মো. ফুয়াদ হাসান এবং উপকারভোগীরা। প্রধান অতিথি বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এবং লবণাক্ততা বৃদ্ধির ফলে উপকূলীয় বিশাল অঞ্চলে কৃষি পণ্যের উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। এতে স্থানীয় লোকজনের অনেকে আরও গরিব হচ্ছে। কাঁকড়ার চাষ এসব গরিব মানুষের বিকল্প আয়ের উৎস হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিনি আরও বলেন, এ দেশে খাবার হিসেবে কাঁকড়ার ব্যাপক চাহিদা না থাকলেও বিশ্বের অনেক দেশে এটি সুস্বাদু খাবার হিসেবে সমাদৃত। কাঁকড়া রপ্তানি করে আসছে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা। কাঁকড়া চাষের সুবিধা হচ্ছে, এতে পরিশ্রম তেমন নেই, উৎপাদন ব্যয়ও তুলনামূলক কম। আর কাঁকড়ার বংশবৃদ্ধি ঘটে দ্রুত। উল্লেখ্য, জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য দুর্যোগ সহনশীল ঘর এবং টেকসই জীবিকায়নের সহায়তা প্রদানের লক্ষ্যে Green Climate Fund (GCF)-এর আর্থিক সহায়তায় পিকেএসএফ-এর ‘Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)’ প্রকল্পটি পিকেএসএফ ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর মাধ্যমে বরগুনা জেলার সদর উপজেলার ০৮টি ইউনিয়নে (নলটোনা, এম বালিয়াতলী, বুড়িরচর, ঢলুয়া, আইলা, পাতাকাটা, বদরখালী, ফুলঝুডি, কেওড়াবুনিয়া) গত ২৭ মার্চ ২০২৪ থেকে বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে কাঁকড়া চাষ সম্প্রসারণের লক্ষ্যে ২১ জন কাঁকড়া চাষির মধ্যে ২০২৫-২৬ অর্থ বছরে ওজন মাপার মেশিন ২১টি, ডলোচুন ২৪০ কেজি, সার ৮০ কেজি, রশি ১৩ কেজি, ফিল্টারনেট ৫১০০ ফুট বিতরণ করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি