কুষ্টিয়ায় হত্যার শিকার পীরের ময়নাতদন্ত সম্পন্ন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হত্যার শিকার পীর আবদুর রহমান ওরফে শামিমের (৬৫) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বেলা ১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মো. হোসেন ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তে পীর আবদুর রহমানের সারা শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। মাথা, ঘাড়, পিঠে তুলনামূলক গভীর জখমের চিহ্ন দেখা গেছে। একাধিক জখমের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এদিকে, পীর আব্দুর রহমান ওরফে শামিম হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডের একদিন পেরিয়ে গেলেও এখনও কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দৌলতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ এখনও কুষ্টিয়ায় মর্গে রয়েছে। নিহত শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে।