টি-টোয়েন্টিতে ঝলক দেখিয়ে ওয়ানডে দলে জুয়ায়রিয়া

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জাতীয় হকি দলে সেন্টার ডিফেন্সের দায়িত্বে ছিলেন জুয়ায়রিয়া ফেরদৌস জয়িতা। হকি টার্ফে ছিলেন প্রতিপক্ষের আক্রমণ ভাঙার প্রধান ভরসা। বল ছিনিয়ে নেওয়া, পাসিং লেন বন্ধ করা, শট ব্লক করা-এমন সবকিছুতেই ছিল তার সাহসী উপস্থিতি। কিন্তু সেই ডিফেন্ডারই এখন ক্রিকেট মাঠের নতুন সেনানী। হকির স্টিক ফেলে বহু আগেই হাতে তুলে নিয়েছেন ব্যাট আর কিপিং গ্লাভস। হকির বল ঠেকানোর বদলে তার লক্ষ্য দাঁড়িয়েছে ব্যাট হাতে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়া। ছয় বছর আগে ক্রিকেটে হাতেখড়ি হলেও জাতীয় দলের হয়ে এরমধ্যেই আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জুয়ায়রিয়া ফেরদৌস জয়িতা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সম্ভাবনার ঝলক দেখিয়ে এবার ওয়ানডেতে জায়গা করে নিলেন জুয়ায়রিয়া ফেরদৌস। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী সম্ভাবনাময় কিপার-ব্যাটার। অভিষেকের মতো অনুভূতি হতে পারে শারমিন সুলতানারও। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ অনেকটাই ভুলে যাওয়ার কথা তার। সাড়ে ছয় বছর পর যে ফিরলেন তিনি জাতীয় দলে! এছাড়াও ফিরেছেন অফ স্পিনার সুলতানা খাতুন। এই সিরিজ দিয়েই আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয় গত রোববার। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

গত বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন জুয়ায়রিয়া। গত নভেম্বরে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ১৩১.২৫ স্ট্রাইক রেটে ১৮৯ রান করে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। পরে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দলে নেওয়া হয়। নেপালে ওই টুর্নামেন্টের সাতটি ম্যাচ খেলেন ২০ বছর বয়সী এই ব্যাটার। থাইল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ৪ ছক্কায়। বাংলাদেশের টপ অর্ডারে দ্রুত রান তোলার মতো উপযুক্ত ব্যাটার নেই অনেক দিন ধরে। সেখানেই এখন আশার আলো জুয়ায়রিয়া।

শারমিন বাংলাদেশের হয়ে খেলেছেন ১৩টি ওয়ানডে। সবশেষটি সেই ২০১৯ সালের নভেম্বরে। ৩২ বছর বয়সী ব্যাটার গত জানুয়ারিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে। সেখানে বড় ইনিংস খেলতে না পারলেও কয়েকটি কার্যকর ইনিংস এসেছে তার ব্যাট থেকে। সুলতানা ওয়ানডে খেলেছেন ১৬টি, উইকেট নিয়েছেন ১৯টি। সবশেষ তাকে এই সংস্করণে দেখা গেছে গত বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে। গত জানুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দলে ছিলেন এই অফ স্পিনার। এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন ব্যাটার রুবাইয়াদ হায়দার ঝিলিক, সুমাইয়া আক্তার ও অফ স্পিনার নিশিতা আক্তার। বিশ্বকাপ দল থেকে প্রশ্নবিদ্ধভাবে বাদ পড়া অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনার জায়গা হয়নি এবারও। আগামী শুক্রবার বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। রাজশাহীতে দুই দলের প্রথম ওয়ানডে ২০ এপ্রিল। পরের দুইটি ম?্যাচ একই ভেন্যুতে ২২ ও ২৫ এপ্রিল। টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। ২৮ ও ৩০ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টি ২ মে।

বাংলাদেশ ওয়ানডে দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়ায়রিয়া ফেরদৌস। স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন, তাজ নেহার।