কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটে। এতে পিকআপের চালকসহ আহত হয়েছেন অন্তত তিনজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নড়াইল জেলার সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, দুই ব্যক্তির মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘোড়া বহনকারী একটি পিকআপ ভ্যান নড়াইলের দিকে যাওয়ার পথে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফায়েত ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃত্যু হয়। এতে আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।
