চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’: সেই কনটেন্ট নির্মাতার জামিন
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে ‘বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের’ অভিযোগে গ্রেপ্তার কনটেন্ট নির্মাতা এ এম হাসান নাসিমকে জামিন দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে জামিন দেন। তার জামিন আবেদনের শুনানি শেষে আদালত গুলশান থানার এ মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তার জামিনের আদেশ দেয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।
গত শুক্রবার রাত ৮টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকার একটি বাসা থেকে নাসিমকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়। এ কনটেন্ট ক্রিয়েটরের গ্রেপ্তার নিয়ে সোমবার জাতীয় সংসদে আলোচনা হয়।
সংসদে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কার্টুন ‘শেয়ার’ করায় এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে চিফ হুইপ মনি বলেন, শুধু তাকে নিয়ে কার্টুন আঁকার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকলে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। নাসিমের বিরুদ্ধে গুলশান থানার মামলার বিবরণে বলা হয়, জাতীয় সংসদের চিফ হুইপ মনিকে নিয়ে ফেইসবুকে একটি পোস্ট করা হয়। সেই ফেইসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ প্রকাশ ও প্রচার করা হয়।
