রাজধানীতে বাসচাপায় নিহত দুই
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানী সেতু ভবনের সামনে রাস্তায় ভূইয়া পরিবহনের একটি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ভূইয়া পরিবহনের একটি বাস এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। বনানী সেতু ভবনের সামনে সড়কে চালক হঠাৎ হার্ড ব্রেক করেন। এ সময় বাসটি সড়ক বিভাজকে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুই ব্যক্তি সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন। তাদের পরিচয় নিশ্চিত হলে জানানো হবে।
