২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই হবে

বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে আমরা বদ্ধপরিকর। করোনা পরবর্তী সময়ে এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার যে সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল, তা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আমরা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই উল্লেখ করে শিক্ষা মন্ত্রী বলেন, একই কারণে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হবে। তবে এইচএসসি পরীক্ষা ঠিক কবে নাগাদ শুরু হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

এর আগে মন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ‘বদলি নীতিমালা’ নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হবে।