সৌদি উপমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাক্ষাৎ
প্রকাশ : ০১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ আবদুল করিম আল খুরেইজি এর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এর উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংহতির বার্তা হস্তান্তর করেন। তিনি জানান, বর্তমান সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে রয়েছে এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়। হুমায়ুন কবির উল্লেখ করেন, এই অঞ্চলের স্থিতিশীলতা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
