নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হামলা
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলার ঘটনা ঘটেছে। এসময় তাদের সঙ্গে থাকা মোবাইলফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার নুর মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সিটি করপোরেশনের ছয় উচ্ছেদ কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আহতদের মধ্যে দুজন হলেন- জাহাঙ্গীর ও রুহুল। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।
আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে প্রতিদিনের মতো শহরের সড়কগুলোতে হকার উচ্ছেদে কাজ শুরু করেন সিটি করপোরেশনের উচ্ছেদ কাজে নিয়োজিত কর্মীরা। এসময় শহরের প্রেসক্লাবের সামনে হকাররা একটি মিছিল নিয়ে তাদের ওপরে হামলা চালান। এসময় জাহাঙ্গীর ও রুহুল নামের দুই কর্মচারীসহ ৫-৬ জন আহত হন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ?‘এটা হকারদের বাড়াবাড়ি। তাদের বিষয়ে আমরা চিন্তা করছি। তাদের পুর্নবাসনের ব্যবস্থা করার কথাও বলেছি। সেই পর্যন্ত তারা যদি ধৈর্য না রাখেন, সেটা আইনের পরিপন্থি।’
তিনি আরও বলেন, হকাররা হামলা করে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
