‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে’

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, প্রত্যাবাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অচিরেই নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে কীভাবে প্রত্যাবাসন করা যায় তার একটি গতিপথ তৈরি হবে। গতকাল বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ কার্যালয়ে আয়োজিত ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গাদের কমিউনিটি ভিত্তিক সংগঠন ইউসিআর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা নেতাদের উদ্দেশে বলেন, প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পে সহ-অবস্থান বজায় রাখার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা করছি। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে রোহিঙ্গাদের জন্য তহবিল যেন অব্যাহত রাখা হয় এবং যেন কোনো সংকট তৈরি না হয় সে লক্ষ্যে সরকার দাতাসহ আন্তর্জাতিক মহলে আহ্বান জানিয়ে আসছে। মতবিনিময় সভায় ইউসিআরের প্রতিনিধি মাস্টার সৈয়দ উল্লাহ রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী বেলা ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। পরে প্রতিমন্ত্রীর গাড়িবহর দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উদ্দেশে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, ক্যাম্প ইনচার্জ (উপ-সচিব) সুরাইয়া রহমান সুইটি, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ প্রশাসনের কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।