ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।
জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ ৮ মে থেকেই যাত্রীরা ২১ মে থেকে ঈদের আগে পর্যন্ত বিভিন্ন রুটের বাসের আগাম টিকিট সংগ্রহ করতে পারছেন।
অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী বলেন, শুক্রবার সকাল থেকেই তাদের সব টিকিট বিক্রি শুরু হয়েছে। সব টিকিট অনলাইনে দেওয়া হয়েছে, পাশাপাশি কাউন্টার থেকেও বিক্রি করা হচ্ছে।
তিনি জানান, যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি ২৪ মে রাতের, ২৫ মে সারা দিনের এবং ২৬ মে সকালের টিকিটে। সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় এসব দিনের টিকিটে বাড়তি চাপ দেখা যাচ্ছে।
